প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
হাতির চিকিৎসা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ আহত একটি হাতিকে দ্রুত চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার হাতিটি কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে পিছলে পড়ে গুরুতর আহত হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বন বিভাগ, উপজেলা প্রশাসন, পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে ঘটনাস্থলেই হাতিটির নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণ শুরু হয়েছে।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন হাতির চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অতি বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় কক্সবাজার টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার একটি পাহাড় থেকে হাতিটি নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাটি জানার পর প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন এবং হাতিটির চিকিৎসায় কোনো ধরনের অবহেলা না করার নির্দেশ দেন। একই সঙ্গে প্রয়োজনীয় সব চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, হাতিটির পেছনের দুই পা, বুক ও পেটে গুরুতর আঘাত লেগেছে। ক্ষতস্থানে প্রয়োজনীয় চিকিৎসা ও সেলাই করা হয়েছে। বন বিভাগ, স্থানীয় প্রশাসন, পুলিশ এবং প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে প্রাণীটিকে সুস্থ করে তুলতে সর্বাত্মক চেষ্টা চলছে।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা সংলগ্ন পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বন বিভাগের তথ্য অনুযায়ী, খাবারের সন্ধানে পাহাড়ে ওঠা হাতিটি ভেজা ও নরম মাটিতে পা পিছলে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে আর দাঁড়াতে পারেনি। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আবদুর রশিদ জানান, বন বিভাগের একটি দল সার্বক্ষণিক ঘটনাস্থলে অবস্থান করছে। একজন ভেটেরিনারি চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। কয়েক দিন নিবিড় পরিচর্যা করা গেলে হাতিটি সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আশা করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়