
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় এলে রাসূল সা:-এর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচল তিন শ’ ফিট এলাকায় তাকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ওই সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি—ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, তারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবো।’
তারেক রহমান আরো বলেন, ‘আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদেরকে যেকোনো মূল্যে এই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। যেকোনো উস্কানির মুখে আমাদেরকে শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই—আমরা দেশের শান্তি চাই—আমরা দেশের শান্তি চাই।’
`আই হ্যাভ এ প্ল্যান’ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে, বলতে চাই—আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়—এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এবং সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি হিসেবে যত মানুষ আছেন—প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন—ইনশাআল্লাহ—আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হব।’
তারেক রহমান বলেন, ‘আমরা আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে হাত তুলে প্রার্থনা করি। হে রাব্বুল আলামীন—আপনি একমাত্র মালিক, একমাত্র রহমত দানকারী, একমাত্র সাহায্যকারী। আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। আর যদি আল্লাহর রহমত এই দেশ ও এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য ও আল্লাহর দয়া এই দেশের মানুষের ওপর থাকে—ইনশাআল্লাহ—আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।’
অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে তার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান বলেন, ‘আজ আপনারা জানেন—এখান থেকে আমি আমার মা, দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাবো। তিনি এমন একজন মানুষ, যিনি এই দেশের মাটি ও এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সঙ্গে কী হয়েছে—আপনারা প্রত্যেকেই সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসেবে আপনাদের কাছে আমি চাইবো—আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে তৌফিক দেন, তিনি যেন সুস্থ হতে পারেন।’
গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছরের মাথায় ‘মব’ আক্রমণসহ অপরাধমূলক নানা কর্মকাণ্ডে দেশের মানুষের মধ্যে যখন অনিশ্চয়তা, উদ্বেগ দেখা দিয়েছে এমন সময় দেশে ফিরে এই প্রত্যয় জানালেন তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে তাঁকে প্রধানমন্ত্রী করা হবে বলে দলটির নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে।
তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি।’
জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব নেতাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের এই দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর শান্ত থাকতে হবে।’